তিন দিনে রেমিট্যান্স এলো ৩৮৬৬ কোটি টাকা
চলতি বছরের মে মাসের প্রথম তিন দিনে দেশে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৮৬৬ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। আজ সোমবার (৪ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার (৩ মে) একদিনে প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৫৩ কোটি ২০ লাখ টাকা। গত বছরের মে মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল আট কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬০ দশমিক ১০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক