রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। কিন্তু গত অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে ঘাটতি বাড়লেও চলতি অর্থবছরে ৯ মাসে প্রবৃদ্ধি ১১ দশমিক ১৫ শতাংশ হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রকাশ করা হালনাগাদ তথ্য মতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দুই লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকা ছিল। গত মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। সেই হিসাবে, ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ১৫ শতাংশ।
আলোচিত সময়ে আয়কর, ভ্যাট ও শুল্কে প্রবৃদ্ধি আদায় হলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই তিন খাতে যথাক্রমে ১১ দশমিক ২৫ শতাংশ, ১৩ দশমিক ৬৬ শতাংশ ও ৭ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৯ মাসে আয়করে এক লাখ ৩১ হাজার ৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি ১৭ লাখ টাকা। ভ্যাটে এক লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৯ হাজার ১৩৮ কোটি ২৫ লাখ টাকা। শুল্কে এক লাখ ৩৯ হাজার ১১৮ কোটি ২৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি ১৭ লাখ টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। ওইবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল চার লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। কিন্তু এনবিআর আদায় করে তিন লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। অন্যদিকে গত মার্চ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক ৬৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক