রিজার্ভ বেড়ে ৩৪.৭৮ বিলিয়ন ডলার
দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ তথ্যমতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান জানান, আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ছয় কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

নিজস্ব প্রতিবেদক