আমদানি নিষিদ্ধ ৪২০০ কেজি ঘনচিনি জব্দ
চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনির (সোডিয়াম সাইক্লামেট) চালান জব্দ করা হয়েছে। এতে ছিল চার হাজার ২০০ কেজি ঘনচিনি। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সহায়তায় চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তারা চালানটি জব্দ করেন।
পরীক্ষায় নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার (১০ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে চালান জব্দের এ কথা জানিয়েছে।
আল আমিন শেখ জানান, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ নামে এক কনটেইনার পণ্য আমদানি করে। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হয়। কিন্তু সন্দেহজনক তথ্য পাওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ চালানের খালাস স্থগিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর কনটেইনার খুলে দুই ধরনের পণ্য পাওয়া যায়। দুই ধরনের পণ্যের নমুনা চট্টগ্রাম কাস্টমসের ল্যাবে রাসায়নিক পরীক্ষা করা হয়। রাসায়নিক প্রতিবেদন অনুযায়ী, চালানটিতে ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেলেও বাকি চার হাজার ২০০ কেজি ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়েছে।
ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট, কনডেন্সড মিল্ক ও শিশুখাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকেন। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘনচিনির দ্বারা প্রস্তুত খাদ্য ক্যানসারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। নিষিদ্ধ ঘনচিনি আমদানি করায় কাস্টমস আইন অনুসারে পণ্যের চালানটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিজস্ব প্রতিবেদক