রুপির দাম দুই বছরে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে—এ শঙ্কায় গত এক মাসে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগকারীরা সিকিউরিটি বিক্রি করে বড় অঙ্কের বিনিয়োগ তুলে নিয়েছেন। এতে বর্তমানে ডলারের বিপরীতে রুপির দাম দুই বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে।
ভারতের সংবাদপত্র ইকোনমিক টাইমসের অনলাইনে এক প্রতিবেদনে আজ শনিবার বলা হয়েছে, গত এক মাসে রুপির দরপতন হয়েছে ২ দশমিক ২ শতাংশ। গতকাল শুক্রবার ডলারের বিপরীতে রুপির দাম দশমিক ৩ শতাংশ বা ১৯ পয়সা কমেছে। দেশটির মুদ্রা বাজারে ৬৬ রুপি ৭৬ পয়সায় বিক্রি হয় মার্কিন ডলার। এটি ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের পর মুদ্রাটির সর্বনিম্ন দাম।
ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিতের পাশাপাশি চীনের মুদ্রা ইউয়ানের দরপতনও মুদ্রাবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
চলতি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে সিকিউরিটি বিক্রি করেছে তিন হাজার ২০৭ কোটি রুপি। গত মে মামের পর চলতি মাসেই দেশটিতে সিকিউরিটি বিক্রির চাপ ছিল বেশি।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতির কারণেই মুদ্রাবাজারে পতনপ্রবণতা বিরাজ করছে বলে মনে করেন কোটাক সিকিউরিটিজের মুদ্রাবাজার বিশ্লেষক অনিন্দ্য ব্যানার্জি। তিনি বলেন, ইউয়ানের পতনের প্রভাবও রুপিতে পড়েছে। সরকারের পক্ষ থেকে পণ্য ও সেবা কর (জিএসইটি) বিষয়ে ইতিবাচক ঘোষণা দেওয়া হলেই কেবল এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে।
এদিকে, গত ২০ নভেম্বর ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বৈদেশি মুদ্রার মজুদ ১৪৯ দশমিক ৭ মিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৩৫২ দশমিক ৩৬৫ বিলিয়ন ডলার। তবে এর আগের সপ্তাহে আরবিআইয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ দশমিক ৯ মিলিয়ন বেড়ে দাঁড়ায় ৩৫২ দশমিক ৫১৫ বিলিয়ন ডলার। মূলত বৈদেশিক মুদ্রা সম্পদ (এফসিএ) কমায় রিজার্ভ কমেছে। ডলারের বিপরীতে রুপির দাম কমায় এমন হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অর্থনীতি ডেস্ক