বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১১ নির্দেশনা
দেশে চলমান অস্থিতিশীলতার জন্য সব বিদ্যুৎকেন্দ্র (কেপিআই), উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ও অন্যান্য স্থাপনার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
আজ রোববার (২৯ নভেম্বর) বিউবোর নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক সার্কুলারে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, বোর্ডের আওতাধীন বিদ্যুৎকেন্দ্রগুলো ও অন্যান্য স্থাপনায় বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখার লক্ষ্যে ইতিপূর্বে বিভিন্ন সময়ে জারিকৃত সার্কুলারে উল্লেখিত চলমান কার্যক্রমগুলো আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো। ১১ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—
১. মূল বিদ্যুৎকেন্দ্রের (কেপিআই) অভ্যন্তরে কন্ট্রোল রুমে, উপকেন্দ্রে, সুইচ ইয়ার্ডে এবং ভান্নার্যাবল পয়েন্টগুলোতে কেবল নির্ধারিত ডিউটির সময়ে কর্মরত কর্মচারী ব্যতিত বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
২. আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টর ও অন্যান্য ডিভাইস দ্বারা চেক করে পরিচয় নিশ্চিত হয়ে, দায়িত্বশীল ব্যক্তির তদারকিতে প্রয়োজনে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে। তবে, মূল কেপিআইতে বহিরাগতদেরকে কোনো অবস্থাতে প্রবেশ করতে দেওয়া যাবে না।
৩. পরিচয় নিশ্চিত হয়ে দেহ তল্লাশি সাপেক্ষে কোনো ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।
৪. বিদ্যুৎকেন্দ্র, সাবস্টেশন বা বিউবোর অন্য কোনো স্থাপনার আশপাশে কোনো অপরিচিত লোক দেখলে তার বিষয় অনুসন্ধান করা, সন্দেহজনক কোনো কিছু দেখলে তা স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
৫. কেপিআই/বিদ্যুৎকেন্দ্র/স্থাপনাগুলোর সিসি ক্যামেরা সর্বদা চালু রাখতে হবে। ধারণকৃত ভিডিওগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থলে উপস্থিতসহ কর্মস্থলে যাতায়াতকালীন পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখতে হবে।
৭. বহিরাগতদের প্রবেশকালে তাদের আগমনের বিষয়ে নিশ্চিত হয়ে নাম, পূর্ণ ঠিকানা, কার নিকট কী কাজে যাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে।
৮. সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় ঝোপজঙ্গল পরিষ্কার করে বিদ্যুৎকেন্দ্রের যেসব স্থান ‘ওয়াচ টাওয়ার’ রয়েছে সেসব স্থানের ডিউটি নিশ্চিত করতে হবে।
৯. বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ বা অন্য কোনো জিনিস বহন করে প্রবেশকালে তা সঠিকভাবে পরীক্ষা/চেক করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিদ্যুৎকেন্দ্র, সুইচ ইয়ার্ড, ভান্ডার, গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা বাতি সর্বদা কার্যকর রাখতে হবে।
১০. দাপ্তরিক সময়ের পর এবং বিশেষ করে রাত্রিকালীন সময়ে টহল জোরদার করতে হবে। তদারককারীর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীরা তদারককারী বিবরণ রেজিস্ট্রারে লিপিবদ্ধপূর্বক পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষর করানোর যে বিধান রয়েছে তা সর্বদা পালন করবেন।
১১। সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে এবং এসব সংস্থার সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৈদ্যুতিক স্থাপনা এলাকায় অপরিচিত ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক