ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪ -এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানিকর মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান ফজলুল করিম।
বাদীপক্ষের আইনজীবী শওকত আলী হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
আরজি থেকে জানা গেছে-গত ২০ নভেম্বর বা এর আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে বক্তব্য দেন ফাহিম ফারুকী। পরে তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচার করেন।
আরজিতে বলা হয়েছে-মধুর ক্যান্টিনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন, ইসলামী আন্দোলন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে পরিচালিত হয় এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে কাজ করে। এসব বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ বা নথিপত্র উপস্থাপন করেননি। এ কারণে সংগঠনটির মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে ‘র’-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু। ইসলামী আন্দোলনের সঙ্গে ‘র’-এর সম্পৃক্ততা, বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে কোনো আর্থিক রেকর্ড, যাচাই করা গোয়েন্দা তথ্য বা নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেননি ফাহিম ফারুকী।
এ ঘটনায় বাদী তার আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। এতে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ করা হয়নি বলে মামলার আবেদনে বলা হয়েছে।

আদালত প্রতিবেদক