বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৭৭ ককটেল উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৭৭টি ককটেলসদৃশ বস্তু ও গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত কক্ষে গান পাউডার ও ৭৭টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়।
ডলি রানী সরকার আরও বলেন, রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
তবে এসব বস্তু কে বা কারা, কী উদ্দেশে সেখানে রেখেছলি, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বি এম ফজলুর রহমান, পাবনা