অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো ১৯ ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে পিআইবি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ১৯টি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারকারী ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট, ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে এসব তথ্য তিনি।
সংসদে দেওয়া লিখিত উত্তরে প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ফ্যাক্ট চেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন। বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে, যেখানে চার হাজার ৯৫ জন সাংবাদিক অংশ নেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন এক হাজার ৬৯১ জন সাংবাদিক। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেক বিষয়ে বিশেষ সেশন রাখা হচ্ছে। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার বা হেটস্পিচ শনাক্ত করার কৌশল এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক