ট্রাইব্যুনালে হাতকড়া পরানো নিয়ে জিয়াউল আহসানের সঙ্গে বাকবিতণ্ডা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর হাতকড়া পরানো নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া পরাতে যান দায়িত্বরত এক পুলিশ সদস্য। তবে এতে অপারগতা প্রকাশ করেন তিনি। পুলিশ সদস্যকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে’।
এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
দুপুর ১টা ৫৮ মিনিটে জিয়াউলকে ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলা হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না’।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও এনএসআইয়ের মো. মনজুর আহমেদ। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পৃথক মামলায় ইতোমধ্যে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক