বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছেছে। আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা টি শুরু হয়। পরে জিয়া উদ্যানে গিয়ে শেষ হয়।
এর আগে প্রধামন্ত্রীর নেতৃত্বে শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট বিজয়স্বরণীয় হয়ে হয়ে জিয়া উদ্যানে শেষ হয়।
এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

নিজস্ব প্রতিবেদক