এক পরীক্ষার্থীর জন্য ৮ শিক্ষক, তারপরও ফেল
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে শিক্ষক রয়েছেন আটজন। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। কিন্তু সেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এক বিষয়ে অকৃতকার্য হয়ে তার ফলাফলও এসেছে ফেল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সংকট, অবকাঠামোগত সমস্যা ও এমপিওভুক্তি না হওয়ায় কলেজটির শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।
কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। তবে প্রতিষ্ঠার প্রায় ২৪ বছর পার হলেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। এখনও টিনশেড ঘরেই চলছে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহ কমছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল বলেন, প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হন না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান বলেন, মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়ার আগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মো. মজিবর রহমান আরও বলেন, জেলায় তিনটি কলেজের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এবং গলাচিপা উপজেলায় একটি করে কলেজ রয়েছে। অর্থাৎ জেলায় মোট তিনটি কলেজের কোনো পরীক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি।

কাজল বরণ দাস, পটুয়াখালী