কুমিল্লা বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ২৮১৩ জনের ফল পরিবর্তন
এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৬ হাজার ৪১০টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তন হওয়া ২ হাজার ৮১৩ জনের মধ্যে একটি বিষয়ে পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুটি বিষয়ে ২১১ জনের এবং তিনটি বিষয়ে পরিবর্তন হয়েছে ১৬ জনের।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেন, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জনের। এছাড়া জিপিএ-৩ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন এবং চতুর্থ বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে ১৩ জনের। অন্যদিকে, ৫৫৮ জন শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি; তারা অকৃতকার্য রয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯২ হাজার ১৬২ জন।

মাহফুজ নান্টু, কুমিল্লা