বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা হঠাৎ কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে এসে এ বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে মহাসড়কে নেমে এলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আকস্মিক এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও যানবাহন চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে আজকের মতো কারখানায় ছুটি ঘোষণা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের শিফটে কাজের নির্ধারিত সময় পার হওয়ার পরও শ্রমিকরা উৎপাদন কাজে যোগ দেননি। তারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কারখানা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। একপর্যায়ে বিক্ষোভটি মহাসড়কে গিয়ে পৌঁছায়।
বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ আন্দোলন অব্যাহত ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)