ষড়যন্ত্রে পা দেব না, আমরা ঐক্যবদ্ধ আছি : মামুনুল হক
১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র মেরামত, ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ, আধিপত্যবাদ মোকাবিলা ও ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লড়াইয়ে তারা ঐক্যবদ্ধ আছেন। এই ঐক্যের পরিসর আরও বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মামুনুল হক।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার এবং হাজার হাজার শহীদের রক্তের যে দায়, সেই দায় নিয়ে মাঠে নেমেছি। কাজেই আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না।’
মামুনুল হক বলেন, এই ঐক্যকে শুধু বিরোধী দলের ঐক্য হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের রাষ্ট্র এবং আগামী দিনের রাষ্ট্রের রূপরেখা নির্ধারণের লড়াইয়ে তারা একসঙ্গে রয়েছেন। দেশের গতিপথ নির্ধারণ, আধিপত্যবাদ মোকাবিলা এবং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার এই লড়াইয়ে তাদের ঐক্য অব্যাহত থাকবে। ধীরে ধীরে এই ঐক্যের পরিসর আরও বাড়বে, কমবে না।
১১ দলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মামুনুল হক বলেন, গণভোটের গণরায় কার্যকর করা এবং নাগরিক জীবনের বিভিন্ন সংকট সমাধানের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করছেন তারা। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। এবার তৃতীয় কর্মসূচি হিসেবে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে।
খেলাফত মজলিসের আমির জানান, ওই দিন সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে লংমার্চ কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে।
লংমার্চে দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ১৮ কোটি মানুষের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অতীতের দুটি লংমার্চের মতো এবারও ব্যাপক জনসম্পৃক্ততা ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি সফল হবে।
মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কারের দাবি এবং নাগরিক জীবনের বিভিন্ন সংকট সামনে রেখে এই লংমার্চের আয়োজন করা হচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিচার বিভাগের দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিও এতে তুলে ধরা হবে।
বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডসহ জুলাই গণহত্যা ও শাপলা গণহত্যার বিচার এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এসব দাবির পাশাপাশি নাগরিক জীবনের সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করে মামুনুল হক বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দূরভিসন্ধিমূলক তৎপরতা চালানো হবে না বলে আশা করছি। তবে এ ধরনের কোনো অপতৎপরতা দেখা গেলে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে।

নিজস্ব প্রতিবেদক