মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধনের চেষ্টা, কসবায় এক ব্যক্তির কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করার চেষ্টার অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা।
প্রশাসন জানায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার চেষ্টা করেন। এসব আবেদনে একজন ব্যক্তিকে তার পিতা এবং আরও দুইজনকে তার মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়। বিষয়টি যাচাই করতে গিয়ে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান দেখতে পান, আবেদনে পিতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। একইভাবে আবেদনে মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর নামেও তার কোনো কন্যা নেই।
বিষয়টি খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরকে ঘটনাস্থলে পাঠান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাটি যাচাই করে অভিযোগের সত্যতা পান।
এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। তিনি জানান, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)