ঢামেকে বিআইএএ’র উদ্যোগে ৪টি ওয়াটার কুলার ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী, রোগীর স্বজন ও দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ)। সংগঠনটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় হাসপাতাল প্রাঙ্গণে চারটি ওয়াটার কুলার ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
বিআইএএ’র প্রেসিডেন্ট বাহালুল মনসুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢামেক হাসপাতালে গিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম ফরহাদ হোসেনের কাছে এসব ওয়াটার কুলার ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা হস্তান্তর করে। পরে হাসপাতাল প্রাঙ্গণে সেগুলো স্থাপন করা হয়।
এ সময় বিআইএএ’র প্রেসিডেন্ট ঢামেক হাসপাতালের পরিচালককে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
বিআইএএ জানিয়েছে, ঢামেক হাসপাতালে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের সঙ্গে থাকেন স্বজন ও দর্শনার্থীরাও। তাদের নিরাপদ ও বিশুদ্ধ পানি পানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বিআইএএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল মো. মঈনুল হক (অব.), ভাইস প্রেসিডেন্ট আলী হায়দার মো. সাজ্জাদ, পরিচালক ও সিএসআর কমিটির চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মোল্লা, সাবেক পরিচালক ও সিএসআর কমিটির সদস্য মো. ইদ্রিস আলী মোল্লা, সিএসআর কমিটির সদস্য এম সালাহ উদ্দিন, আবু সাঈদ মানিক, মো. হাসানুল ইসলাম, মো. রফিকুল ইসলাম এবং এইচ. এম শফিকুল ইসলাম (গিয়াস)।
এ ছাড়া বিআইএএ’র নির্বাহী সচিব মো. আশিকুজ্জামান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিআইএএ’র পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনটি ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ঢামেকে ওয়াটার কুলার ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা স্থাপন সেই কার্যক্রমেরই অংশ।

নিজস্ব প্রতিবেদক