অবৈধভাবে এলপিজি মজুত, ৩ ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাউন্নারা, দড়গ্রাম ও সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা গেছে, কাউন্নারা গ্রামের গ্যাস ব্যবসায়ী ‘মাছরাঙ্গা এন্টারপ্রাইজ’-এর মালিক খোরশেদের বাড়ির একটি গোডাউনে ১২ কেজির ১০৯টি এবং ৩৫ কেজির পাঁচটি এলপিজি সিলিন্ডার অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদের অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে দড়গ্রাম এলাকায় ‘মোকলেছ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোকলেস নিজের দোকানের বদলে পাশের একটি চায়ের দোকানে ২২টি এলপিজি সিলিন্ডার লুকিয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে একই আইনের ৪০ ও ৪৫ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’-এর মালিক শহিদুল হককে ৪০ ধারায় আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অনুমোদনহীন মজুত ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করে ভোক্তাদের পকেট কাটা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে নিরাপত্তার দায়িত্বে আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ