হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ডা. বাহাউদ্দীন হাসপাতালের ওষুধ বিতরণ, চিকিৎসা ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত।
বিক্ষোভের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ডা. বাহাউদ্দীনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে শ্লোগান দেন এবং তার অবলম্বে পদত্যাগের দাবি জানান।
মানববন্ধনে বক্তা আমির হামজা পিন্টু বলেন, মানিকগঞ্জের প্রধান সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান ভেঙে পড়েছে। অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করা এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তে সত্যতা মিললে তাকে চাকরিচ্যুতসহ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ