জঙ্গল সলিমপুর এখন সাধারণ জনপদ : জেলা প্রশাসক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখন সাধারণ জনপদ হিসেবে গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে সলিমপুর এলাকা এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে জেলা প্রশাসক এ মন্তব্য করেন। তিনি সরকারি স্থাপনা ও সড়ক নির্মাণসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ঘরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ৯ মার্চ ২০২৬ এর আগে জঙ্গল সলিমপুরকে একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো। এখন সেটি মানুষের স্বাভাবিক বসবাসের উপযোগী একটি এলাকা হিসেবে গড়ে উঠছে। দেশের অন্যান্য অঞ্চলের সাধারণ মানুষ যেসব সুযোগ-সুবিধা পায়, এখানকার বাসিন্দারাও পর্যায়ক্রমে সেসব সুযোগ-সুবিধা পাবেন। আলীনগর এলাকায় একটি পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প, একটি কারাগারসহ সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি সেবা ও নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হবে।
পরিদর্শনকালে আলীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া জঙ্গল সলিমপুর এলাকায় স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)