গাইবান্ধায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বড়দহ সেতুর নিচে এই অভিযান পরিচালিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, রাখালবুরুজ ইউনিয়নের বড়দহ সেতুর নিচ থেকে দীর্ঘদিন ধরে অসাধু চক্র গোপনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে হঠাৎ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতির খবর টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত মেশিনটি অকেজো করে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের বাসিন্দা মশিউর রহমান এই অবৈধ বালু উত্তোলনের মূল কারিগর এবং তিনি অভিযানের সময় পালিয়ে যান। নিয়মিত এভাবে বালু তোলায় নদীর তীর, বড়দহ সেতু ও সরকারি অবকাঠামো চরম ক্ষতির মুখে পড়ছে বলে ক্ষোভ জানান এলাকাবাসী। তারা বালু দস্যুদের রুখতে নিয়মিত কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান বলেন, সরকারি নদী ও জলাশয় থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)