সেনাবাহিনীর উদ্যোগে ১৯ তরুণের কর্মমুখী প্রশিক্ষণ
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার (এসি) মেরামত প্রশিক্ষণের শেষ দিনে ১৯ তরুণের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান কারিগরি প্রশিক্ষণকেন্দ্র মেঘলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই সনদপত্র বিতরণ করেন।
এ সময় বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেনাসূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, মেঘলার পরিচালনায় আয়োজিত এ কোর্সে অংশগ্রহণকারীদের ফ্রিজ ও এসি মেরামত ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠবে। আত্মকর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ নিতে পারবে। কর্মমুখী এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি তাদের আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান