লক্ষ্মীপুরে পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের দ্বিতীয় দিনের বিশেষ অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিস্তারিত জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, জেলার সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং ডিবি ২৩ জনকে আটক করে। মূলত কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ, মাদক সেবন ও মারামারিসহ নানা অভিযোগের ভিত্তিতে এদের আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও নিশ্চিত করেন যে, আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে জানিয়ে তিনি সন্তানদের চালচলন ও কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর