অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর : হুমায়ুন কবির
অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হুমায়ুন কবির এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে, আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।
নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।
তারা দ্বিপক্ষীয় ইস্যু ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

নিজস্ব প্রতিবেদক