ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে রাতভর আটকে রেখে ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ওই টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে হস্তান্তরের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাজু শেখ জেলার চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের বাসিন্দা। রায় ঘোষণা শেষে কড়া পুলিশ পাহাড়ায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১ মার্চ রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী রাজু শেখ তার মুখে গামছা পেঁচিয়ে একটি ঘরে তুলে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরদিন ভোরে অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। চিকিৎসা শেষে ৪ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চরভদ্রাসন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন তদন্ত শেষে ওই বছরের ২৫ জুন রাজু শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে ধর্ষণ প্রতিরোধে বড় বার্তা দেবে এবং অপরাধপ্রবণতা কমিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

সঞ্জিব দাস, ফরিদপুর