ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া বাংলাদেশি দুই তরুণী। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা।
ফেরত আসা তরুণীরা হলেন ঝর্ণা আক্তার ও রিমা খাতুন। ১৯ ও ২০ বছর বয়সী এই দুই তরুণী ময়মনসিংহ ও খুলনা জেলার বাসিন্দা।
ঝর্ণা আক্তার জানান, দালালের খপ্পড়ে পড়ে ভালো কাজের আশায় তারা দুই বছর আগে সাতক্ষীরা সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করতেন তারা। পরে ভারতের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের এক বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের মন্ডুয়া গার্লস হোম নামে একটি সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা দুই তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

মহসিন মিলন, বেনাপোল