তরুণদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান
তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি মোকাবিলায় বর্ধিত স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ এ খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে সোমবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এ আহ্বান জানান।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করা হয়।
ওয়েবিনারে জানানো হয়, বিশ্বব্যাপী বছরে প্রায় ৬৫ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশই হৃদরোগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় দুই লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যার ৫২ শতাংশের জন্যই উচ্চ রক্তচাপ দায়ী। এছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, দেশের ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছেন।
আলোচনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ পাঁচ দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক চার শতাংশে উন্নীত করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বর্ধিত এই বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে তা দেশে হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে ঘটলেও এ খাতে স্বাস্থ্য বাজেটের মাত্র চার দশমিক দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়। উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তিনি বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন।
তরুণদের হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনাচরণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।
প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামালের সঞ্চালনায় ওয়েবিনারে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি ও প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস-২০২৬ পালিত হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)