রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবারও রিমান্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন আসামি রাকিবুলকে হাজির করে ফের তিন দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে হাজির করলে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। ওই অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।

আদালত প্রতিবেদক