গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা। ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় স্বাভাবিক স্বাস্থ্যসেবা দিতে চরম হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে ২১ জন হাম ও ৯ জন ডেঙ্গু আক্রান্তসহ মোট ১৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুধু চলতি মাসের ১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটিতে ৫৪ জন হাম এবং ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অতিরিক্ত রোগীর চাপের কারণে সংক্রামক ও সাধারণ রোগীদের আলাদা কক্ষে রাখা সম্ভব হচ্ছে না। ফলে মেঝে ও করিডোরে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে এবং অনেককে নিজ খরচে মশারি কিনে ব্যবহার করতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, রোগীদের জন্য পর্যাপ্ত বেডের সংস্থান করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে হাম রোগীদের জন্য আলাদা পাঁচটি শয্যা নির্ধারণ করা হলেও অতিরিক্ত চাপের কারণে সেবা দিতে বেগ পেতে হচ্ছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও সাধ্যমতো চিকিৎসা সেবা চালু রাখার নিরবচ্ছিন্ন চেষ্টা চলছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী