গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস!
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফ ৯ লাখ দিয়ে আপসশর্তে জামিন চেয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
আজান আলীর আইনজীবী মো. আলমগীর হোসেন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, আপসে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে জামিন শুনানি পেন্ডিং আছে। কিশোরের ওকালতনামা হাতে পাওয়া যায়নি। গাজীপুরের কিশোর সংশোধনাগার থেকে নিয়ে আসতে সময় লাগছে।
আইনজীবী বলেন, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম এর আগে ওই কিশোরকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে কিশোর আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তকালে আজান আলী শরীফের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়।
এজাহারে বলা হয়েছে, মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গতকাল (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করেন এবং এতে তার মৃত্যু ঘটে।

আদালত প্রতিবেদক