যাত্রাবাড়ীতে ককটেল বিষ্ফোরণ, আ.লীগ নেতাসহ রিমান্ডে ৪
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই রিমান্ডের আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেনে। তিনি বলেন, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ মাসহুর আশরাফী (২০)। এদের মধ্যে রায়হানের চার দিন এবং অপর তিন আসামিকে দুই দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে একজনকে শনাক্ত করার পর শনিবার বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ের একটি পিলারের পাশে ইটের খোয়ার বস্তার মধ্যে লাল রঙের স্কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
রায়হানকে জিজ্ঞাসাবাদের পরে সেই তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এরপরে গত রোববার তাদের রিমান্ড চাওয়া হলে আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন আদালত।
এজাহার থেকে জানা গেছে, গত শনিবার ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করেন।

আদালত প্রতিবেদক