মায়ের ফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ অপ্রতিম
মায়ের ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের শিশু অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও তার পরিবারের।
অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশও তৎপর রয়েছে।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনে এই পাঞ্জাবিটা ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন, সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, অপ্রতিমকে খুঁজতে পুলিশ কাজ করছে। তার সর্বশেষ অবস্থানসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা