ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩
কুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিন যুবকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবদুর রশিদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের মো. রাকিব (২৫) ও মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের আল আমিন (৩৬)।
এ বিষয়ে লালমাই থানার ওসি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা