ডিবি পরিচয়ে ডাকাতি, ছয় আসামি রিমান্ডে
রাজধানীর শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের এসআই শাহআলম মিয়া বিষয়টি জানিয়ে বলেন, রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— জুয়েল মৃধা (৩৮), রমিজ তালুকদার (৪৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), রহমান হাওলাদার (৫৬), মো. বিল্লাল (৫২) ও মো. মারুফ (৩৮)।
নথি থেকে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মিরপুর বিভাগের একটি দল জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী শাহবাগ থানাধীন বাংলাদেশ বার কাউন্সিলের বিপরীত পাশের ফুটপাতে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল, ৩ দশমিক ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি কালো রঙের খেলনা ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

আদালত প্রতিবেদক