হাসান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ফরিদপুরের কানাইপুরে বহুল আলোচিত হাসান শেখ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার ২০১ ধারায় ওই একই আসামিদের সাত বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ে বিচারক উল্লেখ করেন, আসামিদের ইতোপূর্বে খেটে নেওয়া হাজাতবাস মূল সাজা থেকে বাদ যাবে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসা. ফরিদা বেগম, ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। রায় ঘোষণাকালে ৩ আসামি আদালতে উপস্থিত থাকলেও প্রধান অভিযুক্ত মোসা. ফরিদা বেগম পলাতক ছিলেন। রায় শুনে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ৯ মে রাত থেকে ১৩ মে বিকেলের মধ্যে ঝাউখোলা এলাকার ইমাম উদ্দিন শেখের ছেলে হাসান শেখকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে পুতে রাখা হয়। ১৩ মে বিকেলে স্থানীয়রা আখক্ষেতে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে বস্তাবন্দি অবস্থায় হাসানের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট শাহ্ মো. আজিজুর রহমান বিকু বলেন, চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের এই দণ্ড দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর