একই স্কুলে এক সপ্তাহে ৩৭ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে কমিটি
নোয়াখালীর হাতিয়ায় একটি বিদ্যালয়ে এক সপ্তাহের ব্যবধানে ৩৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অসুস্থদের মধ্যে দশম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার তুহির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানীকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্লাস শুরুর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণীর দুই ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে অন্যান্য শ্রেণীর আরও কয়েকজন শিক্ষার্থীসহ মোট ২১ জন অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় দুপুর ২টার মধ্যে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের চিকিৎসা দেওয়ার সময় এক অভিভাবক ও হাসপাতালের এক স্টাফও অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউএনও রাসেল ইকবাল আরও বলেন, ভর্তি থাকা অন্য শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধ ছিল কি না বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী