চাঁদপুরে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ
চাঁদপুরে বিচারকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা, বিক্ষোভ মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। গত ৯ সেপ্টেম্বর থেকে তিন বিচারকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চাঁদপুরের তিনটি আদালত বর্জন করে আসছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবীরা কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সভা শেষে আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের নির্দিষ্ট কয়েকজন বিচারক তুচ্ছ ঘটনা নিয়েও আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করেন।
আইনজীবী নেতারা বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে এমন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি বিচার বিভাগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। তারা অবিলম্বে বিচারপ্রার্থী ও আইনজীবীদের হয়রানি বন্ধ, সংশ্লিষ্ট তিন বিচারকের প্রত্যাহার এবং আদালতে দুর্নীতি ও বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের আইনজীবীরা অংশ নেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর