বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ৫২৭, এলাকায় আতঙ্ক
যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। গত ২৭ জুলাই থেকে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ৪৭ দিনে কুকুরের কামড়ে শিশুসহ প্রায় ৫২৭ জন আহত হয়েছেন। আক্রান্তরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের বিভিন্ন মোড়ে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ কুকুর। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
কুকুরের কামড়ে আহতরা জানান, এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় শিশু ও সাধারণ মানুষ প্রায়ই হামলার শিকার হচ্ছেন। দ্রুত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান তারা।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, গত ৪৭ দিনে কুকুরের কামড়ে আহত ৫২৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সরকারিভাবে সরবরাহ করা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হাসপাতালে ভ্যাকসিনের কোনো সংকট নেই। কুকুরে কামড়ালে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং আক্রান্ত স্থান অন্তত ১৫ মিনিট সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পোষা কুকুরকে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়া হবে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ বলেন, বেওয়ারিশ বা পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি পোষা কুকুরকে নিয়মিত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মহসিন মিলন, বেনাপোল