অর্থনৈতিক বিপ্লবের জন্য পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক রূপান্তর ও অর্থনৈতিক বিপ্লব ঘটাতে পদ্মা ব্যারেজ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারের একটি ‘মাস্টারমাইন্ড মেগা প্রজেক্ট। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজ। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছেন তারা। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে কৃষি, বিদ্যুৎ উৎপাদনসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে পদ্মা ব্যারেজ প্রকল্পটি অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে জিওবি প্রকল্পের আওতায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী