ফেলে যাওয়া ৩ শিশু ফিরল মায়ের কোলে
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় ফেলে যাওয়া তিন মেয়ে শিশুকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় শিশু তিনটিকে ফেলে রেখে মা-বাবা পালিয়ে যান।
মা-বাবা তিন শিশু ফেলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় কালিন্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তাদের উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা হেফাজতে রাখে। শিশু তিনটির বয়স যথাক্রমে আট বছর, পাঁচ বছর ও তিন মাস।
ঘটনাটি জানার পর পরই কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, উপজেলা সমাজসেবা কার্যালয়, জিনজিরা ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা লিডো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে ও তাদের মায়ের সন্ধান ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেয়।
এরপর বুধবার (৯ সেপ্টেম্বর) শিশুদের মায়ের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই ও পরিস্থিতি পর্যালোচনা শেষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল কদ্দুস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় শিশু তিনটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান বলেন, গতকাল এমন ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. উমর ফারুকের নির্দেশনায় ‘শিশুদের নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি। আল্লাহর অশেষ রহমতে খুব দ্রুত সময়ে শিশুগুলোকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। তাদেরকে শুধু ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়নি। পরিবারটির পরিস্থিতি নিয়মিত ফলো-আপ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
শিবলী জামান আরও বলেন, ‘কোনো পরিবার সংকটে পড়লে শিশুদের ঝুঁকিতে না ফেলে দ্রুত স্থানীয় প্রশাসন, থানা, ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা কার্যালয়ের সহায়তা নেওয়া প্রয়োজন মনে হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সরকারিভাবে হোক, সামাজিকভাবে হোক, যথাযথ চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর।’

মাসুদ রানা, ঢাকা (কেরানীগঞ্জ)