আদালতে সাক্ষ্য দেওয়ার জেরে চা-দোকানিকে কুপিয়ে জখম
আদালতে সাক্ষ্য দেওয়ার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মোতালিব মিয়া (৪৯) নামে এক চা-দোকানিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই রমজানকেও মারধর করা হয়।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার বাবুল মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোতালিব মিয়ার চাচাতো ভাই হাজী আব্দুর রশীদের সঙ্গে জমি নিয়ে একই এলাকার মোজ্জাম্মেল হক ফারহানা (৪০) ও মোকাম্মেল হক তারেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় আব্দুর রশীদ আদালতে মামলা করেন। এসব মামলার অন্যতম সাক্ষী মোতালিব মিয়া।
অভিযোগে বলা হয়, সাক্ষ্য না দেওয়ার জন্য গত ১৮ আগস্ট মোতালিবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর রূপগঞ্জ থানায় জিডি করেন তিনি।
মঙ্গলবার দুপুরে মোজ্জাম্মেল হক ফারহানা ও মোকাম্মেল হক তারেকের নেতৃত্বে ইমন মাস্টার, হযরত আলীসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মোতালিবের ওপর হামলা চালায়। একপর্যায়ে মোজ্জাম্মেল হক ফারহানা চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ভাই রমজান এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহত মোতালিবকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)