স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জ শহরের পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১১ শিশু অসুস্থ হয়ে পড়েছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের (গাক) সরবরাহ করা খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো স্কুলের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা ডিম ও বন রুটি দেওয়া হয়। সেগুলো খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থবোধ করে। কিছুক্ষণ পর তারা বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ের সর্বমোট ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, ভর্তি করা শিক্ষার্থীদের পেটে ব্যথা অনুভবসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীরা শংকামুক্ত। তবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দেওয়া খাবারের মান যাচাই করা হচ্ছে না। নিম্নমানের খাবার খেয়ে তাদের সন্তানরা অসুস্থ হচ্ছে।
এর আগে চাঁপাইনবাবগঞ্জের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাকের সরবরাহ করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
এ ব্যাপারে গাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী কবির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ