ফ্যাসিস্ট সরকার কতটা নিকৃষ্ট ছিল তার চিত্র হাসপাতালে এলেই দেখা যাবে : বিমানমন্ত্রী
বিগত সরকারের উন্নয়ন না করে আত্মসাৎ ও অনিয়মের মানসিকতা বোঝাতে জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন স্থানীয় প্রতিমন্ত্রী ও ঠিকাদারের অনৈতিক লেনদেনের দ্বন্দ্বে ৫০০ শয্যার হাসপাতাল ভবনের কাজ বন্ধ রাখা হয়েছিল, যা চরম মানবেতর ও নিকৃষ্ট অপরাধের শামিল। ফ্যাসিস্ট সরকার কতটা নিকৃষ্ট ছিল তার চিত্র হাসপাতালে এলেই দেখা যাবে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে ক্ষোভ প্রকাশ করে বিমানমন্ত্রী বলেন, এর আগে এমন জরাজীর্ণ ও অব্যবস্থাপনার হাসপাতাল তিনি কখনো দেখেননি। স্থানীয় প্রতিমন্ত্রী ও ঠিকাদারের স্বার্থের মিল না হওয়ায় বছরের পর বছর কাজ আটকে রেখে এখানকার মানুষকে যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এত বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিদ্যমান এই দুরবস্থা দেখে মনে হয় হয়তো হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে, নতুবা তারা বিগত ফ্যাসিস্ট আমলের গাফিলতির মাশুল এখনো টেনে চলেছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিগত সরকার পর্যাপ্ত অবকাঠামো না করেই অপরিকল্পিতভাবে বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলেছিল, যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেলে কীভাবে চলবে তা নিয়ে কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় গ্যাস সরবরাহের মূল ব্যবস্থা বাতিল করে দিয়ে পরিস্থিতি জটিল করে গেছে। তিনি জানান, দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ জরুরি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একটি বিশেষ নির্দেশনামূলক সেল গঠন করেছেন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিদ্যুৎ, গ্যাসহ সব ধরনের মৌলিক সংকট থেকে দেশকে পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক এবং ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফজুর রহমান সোহানসহ স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আসমাউল আসিফ, জামালপুর