ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চান ফিলিপাইনের রাষ্ট্রদূত
বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেছেন সে দেশের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত এ কথা বলেন।
বৈঠকে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হয়। এ সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করে দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র খতিয়ে দেখা হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও জনসম্পর্ক আরও জোরদারে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)