শেখ হাসিনার বিষয়েও আইন নিজস্ব গতিতে চলবে : লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও আইন নিজস্ব গতিতে চলবে। তিনি দেশে ফিরে আদালতের বিচার মেনে নেবেন বলেই আশা প্রকাশ করছি। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় অবস্থিত জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে লুৎফুজ্জামান বাবর বলেন, আমি নিজেও দীর্ঘ সময় কারাগারে ছিলাম। মিথ্যা মামলায় আমাকে তিন তিনটি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার (শেখ হাসিনা) ক্ষেত্রে বিষয়টি আলাদা, কারণ তিনি ন্যায়ের ভিত্তিতেই দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এমনকি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘও তার অপরাধের বিষয়ে নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সব মিলিয়ে তিনি যদি দেশে ফিরে এসে বিচার মুখোমুখি হতে চান, তবে আমরা তাকে সাধুবাদ জানাব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়া, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। এ ছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

ভজন দাস, নেত্রকোনা