বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে ইউএই সরকারের সহায়তা
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও নন-ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। এ সময় বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন।
রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি বলেন, বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দেশের বিভিন্ন অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এসব পরিবারের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ইউএই সরকারের এ মানবিক উদ্যোগ দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও প্রতিফলন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক