দুই ঘণ্টা বন্ধের পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু
নাটোরের লোকমানপুর রেল স্টেশন সংলগ্ন রাজশাহীর আড়ানী এলাকায় ২২৭ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনার ফলে নাটোরের আব্দুলপুর জংশন ও রাজশাহী রেল স্টেশনে আটকা পড়ে সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস এবং একটি কমিউটার ট্রেন। এই দুর্ঘটনার কারণে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাসূচিতে বিপর্যয় ঘটে।
আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার মাসুদ রানা বলেন, আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ২২৭ নম্বর পিলার এলাকায় রেললাইন ভাঙার খবর পাওয়া মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে সকাল পৌনে ৯টার দিকে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

হালিম খান, নাটোর