নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক
নোয়াখালীর চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজন নারী ও চারজন পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে আটক আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের বাসিন্দা মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের বাসিন্দা জুনায়েদ (২৭) ও হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের বাসিন্দা মো. মুন্না (২৩)।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী