অবৈধ বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ (৬০), সদস্য চাঁন মিয়া (৫০), সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুকুল (৪৫), সদস্য মো. আনিছ (৪০) এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩) রয়েছেন। তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় চাঁন মিয়া, আনিছ ও মাসুদকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।
স্থানীয় সূত্র জানায়, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। মাসুদ ও চাঁন মিয়াসহ স্থানীয় বিএনপির একটি পক্ষ এর প্রতিবাদ জানালে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ ও তার সমর্থকেরা স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে সুভাষ ও সাখাওয়াতের নেতৃত্বে প্রায় ২৪ জন লোক ৮টি মোটরসাইকেলে করে এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।
তবে অভিযোগের বিষয়ে কথা বলতে সুভাষ ও সাখাওয়াতের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসমাউল আসিফ, জামালপুর