তথ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে ‘স্বপ্নবাড়ি’র চাবি পেল ৩৬ পরিবার
পর্যাপ্ত আয় বা খাদ্য নেই, ঠিকমতো জ্বলে না সংসারের চুলা। নেই থাকার ঘরের মাথার ওপার চাল। বৃষ্টি এলেই সেই চালের ছাউনির ফুটো দিয়ে ঘরের ভেতরে টুপ টুপ করে পড়ে পানি। এ অসহায় মানুষগুলোর কারও পেশা ভিক্ষা, কেউ ভ্যানচালক, কেউ বা সবজি বিক্রেতা আবার কেউ বা দিনমজুর।
সারা দিন তপ্ত রোদে ঘুরে ঘুরে যা আয় হয় তাতে সংসারই চলে না। সম্বল বলতে এক চিলতে জমি। মাথা গোঁজার ঠাঁই ঘরটিও নেই। এমন সব নিম্ন আয়ের গৃহহীন প্রান্তিক দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদ হয়ে ওঠেছে ময়মনসিংহের নান্দাইলের ‘স্বপ্নবাড়ির’ স্বপ্নের ঘরগুলো।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সেই স্বপ্নবাড়ির ঘরের চাবি পেয়েছে ৩৬টি গৃহহীন পরিবার। তাদের হাতে চাবি তুলে দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এর আগে আজ বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে আধাপাকা ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মানবিক উদ্যোগ এবং গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় উপজেলার ৩৬টি গৃহহীন পরিবারকে এই ‘স্বপ্নবাড়ি’র আধুনিক আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এই ‘স্বপ্নবাড়ি’র ঘর পেয়ে অসহায় গৃহহীন পরিবারগুলোর মধ্যে বইছে আনন্দের বন্যা।
নান্দাইলের এই অসহায় পরিবারগুলো কুঁড়েঘর থেকে এবার তাদের স্বপ্নের ঠিকানা ঘর পেয়ে যেন আনন্দে আত্মহারা।
চলতি বছরেই এরকম আরও ৯৮টি আধুনিক আধাপাকা ঘর নির্মাণের প্রকল্প হাতে নেওয়া রয়েছে, যা বাস্তবায়ন হবে পরের ধাপে।
এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কুঁড়েঘর ও ভাসমান জীবনের কষ্ট দূর করে দরিদ্র পরিবারগুলোর স্থায়ী মাথা গোঁজার ঠাঁই এবং উন্নত জীবনযাত্রার সুযোগ নিশ্চিত করাই এই স্বপ্নবাড়ির মূল উদ্দেশ্য।
‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন ও চাবি হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ্, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ